কিউএসের এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ফার্স্ট’, জাতীয় বিশ্ববিদ্যালয় ‘লাস্ট’

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৭ সালের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। র‍্যাঙ্কিংয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৬তম। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি৷ তাদের অবস্থান ১৪৯তম৷

র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)৷ তাদের অবস্থান ১৭৯তম৷ বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের মধ্যে চতুর্থ স্থানে আছে৷ র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২১৬তম৷ বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার শেষে স্থান পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ তিনটি বিশ্ববিদ্যালয়৷

৩ নভেম্বর নিজেদের ওয়েবসাইটে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস: এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে কিউএস। এই র‍্যাঙ্কিংয়ে এশিয়ার ২৬টি দেশের ১ হাজার ৭২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এতে প্রথম স্থান অর্জন করেছে হংকং বিশ্ববিদ্যালয়। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।

একাডেমিক সুনাম, শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত, গবেষণার মান ও প্রভাব, পিএইচডিধারী শিক্ষক, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাতসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে কিউএসের র‍্যাঙ্কিং নির্ধারিত হয়। এবারের র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ১০০ নম্বরের মধ্যে ৬৪ দশমিক ৭০ স্কোর করে ১৩৬তম ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে। ৬২ দশমিক ৫০ স্কোর নিয়ে নর্থ সাউথের ইউনিভার্সিটির অবস্থান ১৪৯তম, দেশে তারা দ্বিতীয়৷ তৃতীয় স্থানে থাকা বুয়েটের স্কোর ৫৭ দশমিক ৮০৷ বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের মধ্যে চতুর্থ স্থানে আছে৷ ৫২ দশমিক ২০ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২১৬তম৷

গত বছর কিউএসের এশিয়া র‍্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম এবং নর্থ সাউথ দ্বিতীয় অবস্থানে ছিল৷ আর বুয়েট ছিল তৃতীয় অবস্থানে৷ সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ১৩২তম, বুয়েট ছিল ১৬৫তম৷ এই দুই বিশ্ববিদ্যালয় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচে থাকলেও থাকলেও সামগ্রিকভাবে পিছিয়েছে৷ তবে নর্থ সাউথ তার অবস্থান ধরে রেখেছে৷

বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পঞ্চম স্থান পেয়েছে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়৷ ৪৫ দশমিক ৭০ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২৭১তম৷ ৪০ দশমিক ৩০ স্কোর নিয়ে দেশে ষষ্ঠ স্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়৷ র‍্যাঙ্কিংয়ে তারা ৩৪৯তম৷

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ৩৮ দশমিক ৮০ স্কোর নিয়ে দেশের মধ্যে সপ্তম স্থান পেয়েছে৷ র‍্যাঙ্কিংয়ে তারা আছে ৩৭০তম অবস্থানে৷ দেশে অষ্টম অবস্থান পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়৷ ৩৮ দশমিক ৪০ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ে তারা আছে ৩৭৮তম অবস্থানে৷

৩৬ দশমিক ৯০ স্কোর নিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নবম অবস্থান আছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)৷ র‍্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ৪১৫তম৷ ৩৫ দশমিক ৬০ স্কোর নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় আছে দশম অবস্থানে৷ র‍্যাঙ্কিংয়ে তারা ৪৪৫তম৷ ৩২ দশমিক ৪০ স্কোর নিয়ে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের মধ্যে আছে একাদশ অবস্থানে৷ র‍্যাঙ্কিংয়ে তারা ৫০৪তম৷ বেসরকারি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ৩২ দশমিক ১০ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে দ্বাদশ অবস্থানে আছে৷ র‍্যাঙ্কিংয়ে তারা আছে ৫০৯তম অবস্থানে৷ ৩১ দশমিক ২০ স্কোর নিয়ে র‍্যাঙ্কিংয়ে ত্রয়োদশ স্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশ (এআইইউবি)। র‍্যাঙ্কিংয়ে তারা ৫৩৪তম৷ ৩০ দশমিক ৮০ স্কোর নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) দেশে চতুর্দশ অবস্থানে আছে৷ র‍্যাঙ্কিংয়ে তারা ৫৪২তম৷ ৩০ দশমিক ৫০ স্কোর নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে পঞ্চদশ অবস্থানে আছে৷ র‍্যাঙ্কিংয়ে তারা ৫৪৯তম৷

এসব বিশ্ববিদ্যালয়ের বাইরে বাংলাদেশের আরও কিছু বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। তবে তাদের সামগ্রিক স্কোর উল্লেখ করেনি কিউএস। এর মধ্যে সাউথইস্ট ইউনিভার্সিটির অবস্থান ৭৮১–৭৯০। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অবস্থান ৮৫১–৯০০। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৯৫১-১০০০৷ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১০০১-১১০০তম৷ র‍্যাঙ্কিংয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অবস্থান ১১০১–১২০০, চট্টগ্রাম সরকারি ভেটেরিনারি কলেজ ১১০১–১২০০, ইউল্যাব ১২০১–১৩০০, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১২০১–১৩০০, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১২০১–১৩০০, ইন্টান্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম ১২০১-১৩০০ আর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ১৩০১-১৪০০, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম আছে ১৪০১-১৫০০- এর মধ্যে৷

র‍্যাঙ্কিংয়ে ১৫০১–এর পরে আছে জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ৷