সন্ধ্যার পরও রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমাসহ একক সিনেমা হল খোলা থাকলেও মাল্টিপ্লেক্স বন্ধ থাকছে
সন্ধ্যার পরও রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমাসহ একক সিনেমা হল খোলা থাকলেও মাল্টিপ্লেক্স বন্ধ থাকছে

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্স বন্ধ, কিন্তু একক সিনেমা হল খোলা

জ্বালানিসংকটের কারণে সন্ধ্যায় মাল্টিপ্লেক্সগুলোয় সিনেমার প্রদর্শনী বন্ধ থাকলেও একক সিনেমা হলে (সিঙ্গেল স্ক্রিন) শো চলছে নিয়মিত। পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও চলছে নাটকের প্রদর্শনী। ঘুরে এসে লিখলেন মকফুল হোসেন

‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’র টিকিট খুঁজছিলেন পল জয়ধর। গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় ছেলেকে নিয়ে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল শাখায় আসেন তিনি। টিকিট বিক্রেতা জানালেন, দুপুরে সিনেমাটির শো ছিল, সন্ধ্যায় কোনো সিনেমার শো নেই।

জ্বালানিসংকটের মধ্যে সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যার পর সব সিনেমার প্রদর্শনী বন্ধ ঘোষণা করেছে স্টার সিনেপ্লেক্স। বিকেল পাঁচটার পর কোনো শো শুরু হচ্ছে না।

সেদিন বসুন্ধরা সিটি শপিং মল শাখায় শেষ শো ছিল বিকেল ৪টা ৫০ মিনিটে, সিনেমাটি ছিল রাক্ষস। সন্ধ্যার পর মাল্টিপ্লেক্সে সিনেমাটি দেখা না গেলেও একক সিনেমা হলে দেখা যাচ্ছে।

স্টার সিনেপ্লেক্সে শেষ শো শুরুর পরপরই দিনের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। শুধু অনলাইন কাউন্টারটি খোলা ছিল। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ ছিল বলে বসুন্ধরা শপিং মলে দর্শকের উপস্থিতিও ছিল তুলনামূলক কম।

দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি দেখার বায়না ধরেছিল ছেলে ওবেদ। তবে সিনেমাটি না দেখেই ছেলেকে নিয়ে ফিরতে হলো পল জয়ধরকে। নিউ ইস্কাটন থেকে আসা এই দর্শক প্রথম আলোকে জানান, সন্ধ্যায় শো বন্ধের বিষয়টি তাঁর জানা ছিল না। এসে জানতে পারলেন। আরেক দিন সিনেমাটি দেখতে আসবেন।

সন্ধ্যা ছয়টার পর দুই দর্শক বনলতা এক্সপ্রেস ও দম সিনেমার টিকিটের খোঁজ করলেন। তাঁরাও সন্ধ্যায় শো বন্ধের বিষয়টি জানতেন না। টিকিট না পেয়ে ফিরে গেলেন।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল শাখা, মঙ্গলবার বিকেলে ছবিটি তোলা

সরকারি নির্দেশনা মেনে রোববার থেকে সন্ধ্যা সাতটার পর শো বন্ধ রেখেছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসের মতো বড় মাল্টিপ্লেক্স। শো বন্ধ থাকলেও না জেনেই দর্শকের কেউ কেউ সন্ধ্যার পরও কাউন্টারে ভিড় করছেন।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল শাখার এক টিকিট বিক্রেতা জানান, প্রতিদিন সন্ধ্যায় ১৫ থেকে ২০ জনের মতো দর্শক আসছেন।

মাল্টিপ্লেক্সে চলছে ঈদের পাঁচ সিনেমা বনলতা এক্সপ্রেস, দম, প্রিন্স, রাক্ষস ও প্রেশার কুকার। সন্ধ্যার পর শো বন্ধ থাকায় সব কটি ছবিরই দর্শক কমেছে।

লায়ন সিনেমাসের প্রতিষ্ঠাতা মির্জা আবদুল খালেক প্রথম আলোকে জানান, সন্ধ্যার পর শো বন্ধ হওয়ায় প্রতিদিন চারটির মতো শো কমেছে। এতে ৩০০ থেকে ৪০০ দর্শক কমেছে। তিনি বলেন, কাজকর্ম শেষে সন্ধ্যা ও রাতের শোতে দর্শক সিনেমা দেখতে আসেন। দিনের বেলা টিকিট কম বিক্রি হচ্ছে।

এক বিবৃতিতে সন্ধ্যার পর মাল্টিপ্লেক্সে শো চালু রাখার অনুরোধ করেছেন নির্মাতা ও প্রযোজকেরা।

কাজকর্ম শেষ সন্ধ্যা ও রাতের শোতে দর্শক সিনেমা দেখতে আসেন। দিনের বেলা টিকিট কম বিক্রি হচ্ছে।
মির্জা আবদুল খালেক, প্রতিষ্ঠাতা, লায়ন সিনেমাস

সন্ধ্যার পরও একক সিনেমা হল খোলা

সন্ধ্যায় মাল্টিপ্লেক্স বন্ধ থাকলেও একক সিনেমা হলে শো চলছে। তবে দর্শকের সংখ্যা খুবই কম। একক সিনেমা হলে সাতটার পর শো বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা এখনো পাননি বলে জানান বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন।

ঈদের পাঁচ সিনেমার মধ্যে শতাধিক একক সিনেমা হলে দুটি সিনেমা চলছে—প্রিন্স ও রাক্ষস। বেশ কয়েকজন হলমালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশির ভাগ সিনেমা হলে সন্ধ্যার পরও শো চলছে। সচরাচর সন্ধ্যা সাড়ে ছয়টায় শেষ শো থাকে। শেষ হতে হতে রাত সাড়ে আটটা বেজে যায়। আগের নিয়মেই শো চলছে।

ঢাকার আজাদ, খুলনার শঙ্খ, বগুড়ার সোনিয়া, শেরপুরের সত্যবতী, ধুনটের ক্লিওপেট্রাসহ ৮০টির বেশি সিনেমা হলে প্রিন্স চলছে। অন্যদিকে ঢাকার মধুমিতা, আনন্দ, শ্যামলী, শ্রীপুরের শাপলা, গফরগাঁওয়ের রূপান্তর, কুলিয়ারচরের আনন্দসহ ৩০টির মতো হলে চলছে রাক্ষস।

বুকিং এজেন্ট সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁদের আটটির মতো সিনেমা হলে প্রিন্স ও রাক্ষস চলছে। সব হলেই সন্ধ্যার শো চলছে। শো শেষ হতে হতে সাড়ে আটটা বাজে।

মাদারীপুরের টেকেরহাটে সোনালী সিনেমা হলের কর্ণধার রাহুল খান জানান, সন্ধ্যার পর সিনেমার শো বন্ধের কোনো নির্দেশনা তাঁরা পাননি। ফলে আগের নিয়মে সন্ধ্যায় শো চলছে। তবে দর্শক কম।

সন্ধ্যার পরও খোলা থাকছে রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হল, ছবিটি আজ বিকেলে তোলা

ঢাকার আজাদ, খুলনার শঙ্খ, বগুড়ার সোনিয়া, শেরপুরের সত্যবতী, ধুনটের ক্লিওপেট্রাসহ ৮০টির বেশি সিনেমা হলে প্রিন্স চলছে। অন্যদিকে ঢাকার মধুমিতা, আনন্দ, শ্যামলী, শ্রীপুরের শাপলা, গফরগাঁওয়ের রূপান্তর, কুলিয়ারচরের আনন্দসহ ৩০টির মতো হলে চলছে রাক্ষস।

বুকিং এজেন্ট সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁদের আটটির মতো সিনেমা হলে প্রিন্স ও রাক্ষস চলছে। সব হলেই সন্ধ্যার শো চলছে। শো শেষ হতে হতে সাড়ে আটটা বাজে।

মাদারীপুরের টেকেরহাটে সোনালী সিনেমা হলের কর্ণধার রাহুল খান জানান, সন্ধ্যার পর সিনেমার শো বন্ধের কোনো নির্দেশনা তাঁরা পাননি। ফলে আগের নিয়মে সন্ধ্যায় শো চলছে। তবে দর্শক কম।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়মিত নাটকের প্রদর্শনী চলছে

শিল্পকলায়ও নাটক চলছে

গত মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে গিয়ে দেখা গেল, এক্সপেরিমন্টাল থিয়েটার হলে নাটক চলছে। সন্ধ্যা সোয়া সাতটায় সৈয়দ ওয়ালীউল্লাহর সুড়ঙ্গ মঞ্চস্থ করেছে এথিক। দর্শকসংখ্যা জনাত্রিশেক।

নাটকের শিল্পী নাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, ওয়ার্কিং ডে হিসেবে দর্শকের সংখ্যা বেশ কম।

মঙ্গলবার সৈয়দ ওয়ালীউল্লাহর ‘সুড়ঙ্গ’ মঞ্চস্থ করেছে এথিক

আজ দুপুরে শিল্পকলা একাডেমির দায়িত্বশীল এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শো বন্ধের কোনো নির্দেশনা তাঁরা পাননি। ফলে শো চলছে। তবে বিষয়টি নিয়ে অনেকে অনিশ্চয়তায় রয়েছে।

আজ সন্ধ্যায়ও শিল্পকলা একাডেমির দুই হলে দুটি নাটকের পূর্বনির্ধারিত শো হওয়ার কথা।

শুটিংয়ের ছবিটি প্রতীকী

শুটিং বন্ধেরও নির্দেশনা নেই

ঈদের পর উত্তরার শুটিং হাউসগুলোতে কাজ কমে এসেছে। শুটিং হাউস অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খলিলুর রহমান প্রথম আলোকে জানান, তাঁরা সন্ধ্যার পর শুটিং বন্ধের কোনো নির্দেশনা পাননি।

খলিলুর রহমান বলেন, ‘আমাদের তো শুটিং নেই বললেই চলে। আমার দুটি শুটিং হাউসের ঈদের পর মাত্র দুই দিন কাজ হয়েছে।’ তাঁর ভাষ্য, জ্বালানিসংকটের কথা বিবেচনায় রেখে সন্ধ্যার মধ্যেই কাজ শেষ করার চেষ্ট করছেন তাঁরা।