মানচিত্রে হরমুজ প্রণালি
মানচিত্রে হরমুজ প্রণালি

যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালি দিয়ে জাহাজের যাতায়াত সমন্বয় করবে ইরানের সেনাবাহিনী

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ইরানের ১০ দফার পরিকল্পনায় কিছু ‘মৌলিক বিষয়ের’ ওপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ। এতে বলা হয়েছে, ‘ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ে হরমুজ প্রণালি দিয়ে নিয়ন্ত্রিত যাতায়াতব্যবস্থা চালু করা হবে।’

বিবৃতিতে বলা হয়েছে, এটি ইরানকে একটি ‘অনন্য অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অবস্থান’ এনে দেবে।

সিএনএন ইরানি কর্মকর্তাদের কাছ থেকে এই বিবৃতিটি সংগ্রহ করেছে। ইরানের একাধিক রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও হরমুজ নিয়ন্ত্রণের খবর প্রকাশিত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, ‘ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রেখে যুদ্ধবিরতির এই দুই সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াতব্যবস্থা চালু রাখা হবে।’

যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য ট্রাম্পকে আহ্বান জানানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আরাগচি।