আসামের গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে তথ্যমন্ত্রীর বৈঠক
ভারতের আসাম রাজ্যের গভর্নর জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আসামের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, বাণিজ্য ও জনযোগাযোগ বৃদ্ধিতে সড়ক-রেল-নৌ-বিমান চতুর্মুখী যোগাযোগ উন্নয়নে বাস্তব পদক্ষেপ নিয়ে ফলপ্রসূ আলোচনার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী।
আজ শুক্রবার তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দপ্তরের পরিচালক (জনসংযোগ) মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সফররত হাছান মাহমুদ বৃহস্পতিবার অপরাহ্ণে প্রথমে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৫ মুক্তিযোদ্ধাকে আসাম রাজ্য সরকার বিশেষ সংবর্ধনার জন্য আমন্ত্রণ জানাবে বলে জানান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
পরে আসামের গভর্নর জগদীশ মুখীর সঙ্গে রাজভবনে বৈঠক করেন হাছান মাহমুদ। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে আসামের ঘনিষ্ঠতর সম্পর্কের লক্ষ্যে পারস্পরিক যাতায়াত, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে তাঁরা আলোচনা করেছেন। একই সঙ্গে ক্রমবর্ধমান শিল্পায়ন ও পরিবেশের ভারসাম্য রাখতে বনায়নের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় উপস্থিত বাংলাদেশের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের গুয়াহাটিতে লোকসংগীত উৎসবের প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেন আসামের গভর্নর।
আসামের মুখ্যমন্ত্রী ও গভর্নর উভয়ই এ বৈঠক শেষে টুইট করেছেন।
বৈঠককালে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাংসদ মমতাজ বেগম ও সাইমুম সারওয়ার, তথ্য ও সম্প্রচারসচিব মো. মকবুল হোসেন, দিল্লিতে নিযুক্ত উপহাইকমিশনার নূরুল ইসলাম ও গুয়াহাটিতে নিযুক্ত সহকারী হাইকমিশনার শাহ মোহাম্মদ তানভীর।
২৩ থেকে ২৬ ফেব্রুয়ারি ভারতের ত্রিপুরা ও আসাম সফররত তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এর আগে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দের সঙ্গে বৈঠক করেন। তিনি আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ও আসামের ডাউনটাউন বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের সহকারী হাইকমিশনে বঙ্গবন্ধু কর্নার ও জামদানি বিতান উদ্বোধন করেছেন।