গণটিকাদানে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার আহ্বান বিএনপির
সিলেটের হাসপাতালে শয্যা, আইসিইউ ও অক্সিজেনের জন্য হাহাকার চলছে বলে দাবি করেছেন বিএনপির নেতারা। তাঁরা বলেছেন, কেবল আমলাদের দায়িত্ব দিয়ে সফল হবে না সরকারের করোনা প্রতিরোধ কার্যক্রম। গণটিকাদান ও করোনা প্রতিরোধ কার্যক্রমের সব কর্মসূচিতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার আহ্বান তাঁদের।
শুক্রবার বিকেলে সিলেট নগরীর ভার্থখলা এলাকায় এক মতবিনিময় সভায় বিএনপি নেতারা এ কথা বলেছেন। এর আগে তাঁরা সেখানে জেলা ও মহানগর বিএনপি পরিচালিত ‘করোনা স্বাস্থ্যসেবা সহায়তা কেন্দ্র’ পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় সিলেট মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল কাইয়ুম জালালী, সহসভাপতি হুমায়ুন কবির শাহীন ও জিয়াউল গণি আরেফিন জিল্লুর,সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বক্তব্য দেন। উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।
পরে মহানগর ও জেলা বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ জুলাই থেকে এই সহায়তা কেন্দ্রের কার্যক্রম চলছে। শুক্রবার বিকেল পর্যন্ত সেখানে থেকে শতাধিক করোনা রোগীকে অক্সিজেন সেবা দেওয়া হয়েছে। এ ছাড়া অ্যাম্বুলেন্স সেবা নিয়েছেন ৩৫ জন, টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৭০ জন, করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন ১৫০ জন। এর বাইরে অসুস্থতাজনিত স্বেচ্ছাসেবা দেওয়া হয়েছে ৫০ জনকে এবং দাফন ও সৎকারে সহায়তা করা হয়েছে দুটি পরিবারকে।
জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও এম এ হক স্বাস্থ্যসেবার সার্বিক সহযোগিতায় করোনা স্বাস্থ্যসেবা সহায়তা কেন্দ্রটি পরিচালিত হচ্ছে।