জলসিঁড়ি আবাসন এলাকায় বৃক্ষ রোপণ করলেন সেনাবাহিনী প্রধান
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জলসিঁড়ি আবাসন প্রকল্প আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে গতকাল বৃহস্পতিবার অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃক্ষরোপণ শেষে তিনি জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
অনুষ্ঠানে জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান। সেই সঙ্গে রোপণ করা বৃক্ষের সুষ্ঠু পরিচর্যা নিশ্চিত করার প্রতি তিনি বিশেষ গুরুত্ব দেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊধ্বর্তন কর্মকর্তারা এবং জলসিঁড়ি প্রকল্পের পরিচালনা পর্ষদের সব সদস্য।
পরিকল্পনা অনুযায়ী প্রকল্প এলাকায় ১৭৮টি প্রজাতির মোট ৬৮ হাজার বৃক্ষ রোপণ করা হবে। এর মধ্যেই সাত হাজার চারা রোপণ করা হয়েছে। এ বছরে আরও সাত হাজার চারা রোপণ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চার হাজার চারা রোপণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
গত ৮ জুলাই সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২১–এর উদ্বোধন করেন।