জাটকা মজুতের দায়ে ৩ মাছ ব্যবসায়ীর কারাদণ্ড

শরীয়তপুরের সদর উপজেলার পালং ও আংগারিয়া বাজারে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকাসহ তিন মাছ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ শুক্রবার ভোরে শরীয়তপুর ডিবির পরিদর্শক এইচ এম কামাল হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান চালায়।
সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের দণ্ড দেওয়া হয়।
শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান জাটকা মজুত করার দায়ে মৎস্য আইনে তিন মাছ ব্যবসায়ীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মোল্যাকান্দি গ্রামের সাদিম মোল্যার ছেলে সাইফুল মোল্যা (২৪), ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের সুম্ভুকাটি গ্রামের সুরুজ মোল্যার ছেলে দুলাল মোল্যা (৩৫) ও ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার আরশিনগর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের আলাউদ্দিন আখন্দের ছেলে খলিল আখন্দ (২৩)। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ও ডিবির উপস্থিতিতে মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
পুলিশের পরিদর্শক এইচ এম কামাল হোসেন জানান, জাটকা মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়। তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেওয়া হয়। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা (১০ ইঞ্চির নিচে) ধরা, পরিবহন, বিপণন, মজুত নিষিদ্ধ। এ আইন অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।