জয়পুরহাট ও পাঁচবিবিতে বিধিনিষেধ জারি

করোনাভাইরাস
প্রতীকী ছবি

করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়াসহ কয়েকটি নির্দেশনা দিয়ে জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভা এলাকায় বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন। সোমবার জয়পুরহাট জেলা করোনাভাইরাস প্রতিনিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার থেকেই এই বিধিনিষেধ কার্যকর হবে।

এই বিধিনিষেধের মধ্যে রয়েছে জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভা এলাকায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে পরদিন সকাল ছয়টি পর্যন্ত সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ওষুধসহ জরুরি সেবা আওতামুক্ত থাকবে। এই দুটি পৌরসভার লোকজন বিকেল পাঁচটা থেকে পরদিন ছয়টি পর্যন্ত বাড়ির বাইরে বের হতে পারবেন না। জরুরি প্রযোজনে বের হলে তাঁর নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। দুটি পৌরসভায় পাঁচটা থেকে পরদিন সকাল ছয়টি পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। ১৪ জুন পর্যন্ত জয়পুরহাটের গরুর হাট ও পাঁচবিবির গরুর হাট বন্ধ থাকবে। বিধিনিষেধের সময়ের আগে চলাচলকারী গণপরিবহনের অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। জনসমাবেশ, পিকনিক, বিবাহ, অরাজনৈতিক ও ধর্মীয় আচার–অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। পর্যটনস্থল, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি) শরীফুল ইসলাম বলেন, এই জেলায় করোনা সংক্রমণের হার বাড়ছে। সোমবার জেলা করোনা প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় করোনা প্রতিরোধে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল পাঁচটা থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বিধিনিষেধ কেন, এমন প্রশ্নে ডিসি বলেন, বিকেল পাঁচটার পর লোকসমাগম বেশি হয়। এ কারণে পাঁচটা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরো জেলায় লকডাউন দেওয়া হবে।