ঢাকা থেকে হায়দরাবাদে সরাসরি ইনডিগোর ফ্লাইট চালু

ভারতের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইনডিগো ঢাকা-হায়দরাবাদ গন্তব্যে ফ্লাইট চালু করেছে। ঢাকা থেকে প্রতি সপ্তাহে দুটি ফ্লাইট যাবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনডিগো জানায়, ঢাকা-হায়দরাবাদ গন্তব্যে এ৩২১ মডেলের উড়োজাহাজ ব্যবহার করা হবে। এতে ২৩২টি ইকোনমি আসন আছে।

বাংলাদেশে ইনডিগোর জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) রেনেসা এভিয়েশনের সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহিম জানান, আজ সোমবার বিকেল পৌনে পাঁচটায় এ গন্তব্যের উদ্বোধনী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। উদ্বোধনী ফ্লাইটে ১৪২ যাত্রী হায়দরাবাদে গেছেন।

প্রাথমিকভাবে ইনডিগো প্রতি সপ্তাহে সোম ও শনিবার দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। এ গন্তব্যে যাওয়া–আসা (রাউন্ড) ট্রিপের ভাড়া পড়বে ২৬ থেকে ৩০ হাজার টাকার মধ্যে।

এর পাশাপাশি ঢাকা থেকে চেন্নাই গন্তব্যে সপ্তাহে দুটি ফ্লাইট, ঢাকা থেকে দিল্লি গন্তব্যে তিনটি ফ্লাইট এবং ঢাকা থেকে কলকাতা গন্তব্যে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে ইনডিগো।