বিশ্ব ক্যানসার দিবস পালিত

গতকাল মঙ্গলবার ছিল বিশ্ব ক্যানসার দিবস। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগ রাজধানীর শাহবাগ এলাকায় র্যালি বের করে ।  প্রথম আলো
গতকাল মঙ্গলবার ছিল বিশ্ব ক্যানসার দিবস। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি বিভাগ রাজধানীর শাহবাগ এলাকায় র্যালি বের করে । প্রথম আলো

কিছু খারাপ অভ্যাস বাদ দিতে পারলে অধিকাংশ ক্যানসারই প্রতিরোধ করা সম্ভব। ক্যানসার সম্পর্কিত বিভিন্ন কুসংস্কার থেকে মুক্ত থাকা দরকার। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতা খুব জরুরি। আর এ জন্য দরকার সামাজিক আন্দোলন।
গতকাল মঙ্গলবার বিভিন্ন আনুষ্ঠানিকতায় এ ধরনের আহ্বান জানানোর মধ্য দিয়ে বিশ্ব ক্যানসার দিবস পালন করেছে দেশের বিভিন্ন বেসরকারি সংগঠন। বিশ্ব ক্যানসার দিবসে এ বছরের প্রতিপাদ্য: ‘ক্যানসার সম্পর্কিত প্রচলিত কুসংস্কার দূর করুন, সত্যটি জানুন’।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ ক্যানসার সোসাইটি ও বাংলাদেশ ক্যানসার হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম একাধিক অনুষ্ঠানের আয়োজন করে। সকাল আটটায় বাংলাদেশ ক্যানসার সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করে এই দুই সংগঠন। এ ছাড়া সোসাইটির প্রাঙ্গণে আলোচনা সভারও আয়োজন করা হয়। সোসাইটির সভাপতি মোল্লা ওবায়েদুল্লাহ বাকী আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী রোগ নির্ণয় ও চিকিৎসার সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ের ওপর গুরুত্ব দেন। বিশেষ অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ক্যানসারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ ট্রাস্ট ও প্রত্যাশা মাদকবিরোধী সংগঠন যৌথভাবে অবস্থান কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন প্রত্যাশা মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ।