হজ নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান

ছবি: বাসস

বর্তমানে হজে গমনেচ্ছু ব্যক্তিদের সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক্‌-নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে। তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিবন্ধন কার্যক্রম এখনো শুরু হয়নি। এরই মধ্য কতিপয় অসাধু ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের হজে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে নিবন্ধন কার্যক্রম এখনো শুরু হয়নি। তবে কতিপয় অসাধু ব্যক্তি প্রতারণার আশ্রয় নিয়ে সহজ-সরল ধর্মপ্রাণ মুসলমানকে হজে পাঠানোর মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ধরনের প্রতারকের কাছ থেকে সতর্ক থাকার জন্য এ ধরনের লেনদেনের জন্য কোনো ব্যক্তি ফোন করলে বা প্রস্তাব দিলে বিষয়টি ধর্মবিষয়ক মন্ত্রণালয়সহ (০১৭২০২০৯৫৯৯) নিকটস্থ থানাকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হজ কার্যক্রম শুরু হলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে বিষয়টি সর্বসাধারণকে যথাসময়ে অবহিত করা হবে।