ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁর নাম–পরিচয় জানাতে পারেনি পুলিশ। হোটেল থেকে খবর পেয়ে রমনা থানা–পুলিশ ঘটনাস্থলে এসেছে। এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা, সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রমনা থানার ওসি (অপারেশন) ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন কাজ করছে। সিআইডির কাজ শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
পুলিশ সূত্র জানায়, হোটেল–সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ওই ব্যক্তির নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি ওই ব্যক্তি কী কারণে সেখানে গিয়েছিলেন, তা–ও তদন্ত করা হচ্ছে।