ক্লাস শুরুর ঘণ্টা পড়ল
দীর্ঘ ১৮ মাস পর ক্লাস শুরুর ঘণ্টা পড়ল পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের। দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো গত বছরের মার্চে পুরান ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। আজ রোববার খুলেছে প্রতিষ্ঠানটি। সকাল সাড়ে আটটার দিকে ঘণ্টা বাজিয়ে স্কুলের প্রধান শিক্ষক ক্লাস শুরু করেন আবার।
ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে ক্লাস শুরু হয়ে যায়। শিক্ষকেরা প্রবেশ করেন ক্লাসে। ক্লাসে শিক্ষকেরা প্রবেশ করার পর শিক্ষার্থীরা সবাই উঠে দাঁড়ায়। শিক্ষকদের সম্মান প্রদর্শন করে। ক্লাস শুরুর আগে শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একে অন্যকে দেখে শুভেচ্ছা বিনিময় করে। গল্প করতে দেখা যায় তাদের। শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস। অভিভাবকদের হাত ধরে সকাল থেকে স্কুলে আসতে শুরু করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের সবার মুখে মাস্ক থাকলেও অনেক অভিভাবকের স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অসচেতনতা লক্ষ করা যায়।
সকাল সাতটা থেকে স্কুলের সামনে অবস্থান করে দেখা যায়, স্কুলের প্রবেশপথে অভিভাবক ও শিক্ষার্থীদের মুখে মাস্ক রয়েছে। তাপমাত্রা মেপে শিক্ষার্থীদের লাইন ধরে প্রবেশ করানো হচ্ছিল। স্কুলগেটে হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে। তবে ফ্লোরে পানি জমে রয়েছে। এ কারণে শিক্ষার্থীরা হাত ধোয়ার জায়গাটি ব্যবহার করতে পারছিল না।
অভিভাবকেরা অভিযোগ করেন, ক্লাসের বেঞ্চে জমে আছে ধুলাবালু। শিক্ষার্থীদের মুখে মাস্ক থাকলেও অ্যালার্জিজনিত সমস্যার ভয় পান অনেকে। তাঁরা বিদ্যালয়ের শিক্ষকদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান।
স্কুল কর্তৃপক্ষ জানায়, প্রথম ও দ্বিতীয় শ্রেণির প্রথম দিনে এই দুই ক্লাসে উপস্থিত ছিল প্রথম শ্রেণির ক শাখায় ৩০ জনের মধ্যে ১৪ জন ও খ শাখায় ৩০ জনের মধ্যে ৯ জন। দ্বিতীয় শ্রেণিতে ক শাখায় ৫১ জনের মধ্যে ১৮ জন ও খ শাখায় ৩৭ জনের মধ্যে ১৫ জন। এ ছাড়া স্কুল ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রভাতী শাখার প্রধান ইয়াসমিন আক্তার বলেন, ‘গত সপ্তাহ থেকে আমাদের প্রস্তুতি ছিল। শিক্ষার্থীদের সব সুবিধা ও অসুবিধা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি।’
স্কুলের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি শিক্ষক ও শিক্ষার্থীদের জানানো হয়েছে। এ সপ্তাহের মধ্যে সব শিক্ষার্থীর পদচারণে মুখর হবে প্রতিষ্ঠানটি।