টার্মিনালগুলোতে ফিটনেসবিহীন বাস ধরা হবে: মেয়র আতিকুল
ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাস টার্মিনালগুলোতে ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ফিটনেসবিহীন বাস রাস্তায় নামিয়ে কোনোভাবেই ঈদের খুশিকে নষ্ট করা যাবে না। বাসমালিকদের আহ্বান করছি, তাঁরা যাতে ফিটনেসবিহীন কোনো বাস না চালান। যারা ঈদের খুশিতে বাড়িতে যাত্রা করবে, তাদের যেন লাশ না হতে হয়।’
আজ সোমবার দুপুরে ঢাকা উত্তর সিটির নগর ভবনে শিশুদের জন্য ঈদের নতুন পোশাক বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আতিকুল ইসলাম এসব কথা বলেন। সিটি করপোরেশন ও দারাজের যৌথ উদ্যোগে ঢাকা উত্তর সিটির ১৪টি ওয়ার্ডে ১৪ হাজার শিশুর জন্য নতুন পোশাক বিতরণ করা হবে। এ উদ্যোগের অর্থায়ন করছে দারাজ।
‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব’ জানিয়ে এ সময় মেয়র বলেন, ‘শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার কারিগর। তাই ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে প্রতি মুহূর্তে আমাদের ভাবতে হবে। শিশুদের সঠিক পথ দেখাতে পারলেই আমরা সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারব।
শিশুদের আনন্দমাখা শৈশব উপহার দিতে হবে উল্লেখ করে মেয়র আরও বলেন, ‘ছোট্ট সোনামণিদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। শিশুরা কোথায় খেলবে, কোথায় ঘুরবে, কোন পরিবেশে বেড়ে উঠবে, সেগুলো সুনিশ্চিত করার দায়িত্ব আমাদের। শিশুদের আনন্দমাখা শৈশব উপহার দিতে হবে। তাদের সঠিক পরিবেশ নিশ্চিত করে দিতে না পারলে তারা আমাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন করবে।’
মেয়র বলেন, ‘আমাদের পাশের মানুষের কথা ভাবতে হবে, প্রতিবেশীর কথা ভাবতে হবে। প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়াতে হবে। আমি মনে করি প্রকৃত মানুষ কখনো অন্যের সম্পত্তি দখল করতে পারে না, খাল ভরাট করতে পারে না, পার্ক ও মাঠ দখল করতে পারে না।’
ঢাকা উত্তর সিটির কর্মকর্তারা জানান, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের মাধ্যমে ১, ৪, ৬, ৭, ৮, ১৩, ১৭, ১৮, ১৯, ২০, ৩৮, ৩৯, ৪০ ও ৪২ নম্বর ওয়ার্ডে শিশুদের মধ্যে এ পোশাক দেওয়া হবে। আজ থেকে শুরু হয়ে ঈদের আগের দিন পর্যন্ত পোশাক বিতরণ কর্মসূচি চলবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার হাসিনুল কুদ্দুস, হেড অব স্টেকহোল্ডার রিলেশন শামসুল ইসলাম ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।