তেঁতুলতলা মাঠ রক্ষায় প্রতিবাদী পুতুলনাচ

বিভিন্ন সামাজিক সংঠন, এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিরা তেঁতুলতলা মাঠে থানার নির্মাণকাজ বন্ধের দাবিতে প্রতিবাদস্বরূপ পুতুলনাচের আয়োজন করে। এ সময় এলাকাবাসী তা উপভোগ করেন। ২৭ এপ্রিল, কলাবাগান, ঢাকা
ছবি : সাজিদ হোসেন

‘আমাদের মাঠে আমরা খেলব, তোমরা চলে যাও’—শিশুদের ভাষায় মাঠ রক্ষার এমন দাবি জানায় পাপেট শো বা পুতুলনাচের পুতুলগুলো। কলাবাগানের তেঁতুলতলা মাঠে থানা ভবন নির্মাণের প্রতিবাদে জলপুতুলের পাপেট শো (পুতুলনাচ) আয়োজন করা হয়।

আরও পড়ুন

আজ বুধবার বিকেলে তেঁতুলতলা মাঠ শিশু-কিশোরদের ফিরিয়ে দেওয়ার দাবিতে এ আয়োজন করেন মানবাধিকার, পরিবেশ আন্দোলন ও সংস্কৃতিকর্মীরা। সেখানে অনেক শিশুও অংশ নেয়।

এই প্রতিবাদ সমাবেশ শেষে মাঠের সীমানা ঘেঁষে ১৪টি দেশি গাছ রোপণ করা হয়। পাশাপাশি একটি সাইনবোর্ড টাঙিয়ে দেন আন্দোলনকারীরা।

আরও পড়ুন

ওই মাঠ রক্ষার দাবিতে আন্দোলনকারী সৈয়দা রত্না ও তাঁর কিশোর ছেলেকে গত রোববার কলাবাগান থানা পুলিশ ধরে নিয়ে ১৩ ঘণ্টা থানায় আটকে রাখে। পরে মধ্যরাতে প্রতিবাদের মুখে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

প্রতিবাদ সমাবেশে থানা ভবন নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসে রাজধানীর কলাবাগান তেঁতুলতলা মাঠ শিশু-কিশোরদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মানবাধিকার, পরিবেশ আন্দোলন ও সংস্কৃতিকর্মীরা। অন্যথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঘেরাওসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন