তেলের লরির ধাক্কায় প্রাণ গেল পাঠাও চালকের
রাজধানীর ডেমরার আমুলিয়ায় তেলবাহী লরির ধাক্কায় অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা-পাঠাওয়ের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই মোটরসাইকেলের যাত্রীও। গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. হুমায়ুন কবির। বয়স ৪০। তিনি ঢাকার মীর হাজিরবাগের বাসিন্দা।
মোটরসাইকেলের যাত্রী সাফিউর রহমান বলেন, তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বায়িং হাউসে কাজ করেন। সেখানে কাজ শেষে রাতে পাঠাওয়ের মোটরসাইকেলে করে নিজ বাসা ডেমরার স্টাফ কোয়ার্টারে ফিরছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তেলবাহী একটি লরি আমুলিয়া সড়কে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তিনি (সাফিউর) ও মোটরসাইকেলের চালক (হুমায়ুন) ছিটকে রাস্তায় পড়েন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আনার পর মোটরসাইকেলের চালককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর মোটরসাইকেলের যাত্রী সাফিউর ওই হাসপাতালে চিকিৎসাধীন।