নিজের শরীরে আগুন দিলেন নারী, অবস্থা আশঙ্কাজনক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
ফাইল ছবি

রাজধানীর মিরপুরে সিহাবুন মুবিন মৌ নামের এক নারী নিজের শরীরে আগুন লাগিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। আগুনে তাঁর শরীরের ৪৬ ভাগ পুড়ে গেছে। বর্তমানে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তিনি একসময় টেলিভিশনের সংবাদ পাঠিকা ছিলেন।

হাসপাতালটির প্রধান সমন্বয়ক চিকিৎসক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, সিহাবুনকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা চলছে।

এ ঘটনায় সিহাবুনের স্বামী ইরফান হাইউমকে জিজ্ঞাসাবাদ করেছে মিরপুর মডেল থানা–পুলিশ। ইরফান একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাম্যান হিসেবে কর্মরত আছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান প্রথম আলোকে বলেন, ভুক্তভোগী সিহাবুন নিজে আগুন লাগান বলে দাবি করেছেন। তবে কেন তা জানা যায়নি। ভুক্তভোগী নিজে কিংবা পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সিহাবুনের স্বামী ইরফানকে জিজ্ঞাসাবাদ করে তাঁকে ছেড়েও দেওয়া হয়।
এ ব্যাপারে জানার জন্য ইরফানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া গেছে।

অবশ্য মিরপুর জোনের সহকারী কমিশনার মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিহাবুনের অগ্নিদগ্ধ হওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে। কেন ওই নারী নিজের শরীরে আগুন লাগালেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।