করোনায় চবির সাবেক অধ্যাপকের মৃত্যু

অধ্যাপক গাজী সালেহ উদ্দিন।
ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালেহ উদ্দিন (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার রাত আটটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে সালেহীন তানভীর গাজী। তিনি প্রথম আলোকে বলেন, গত ২৩ জুলাই তাঁর বাবার করোনার উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করানোর পর ২৬ জুলাই পজিটিভ ফল আসে। ৩০ জুলাই তাঁকে চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অধ্যাপক সালেহ উদ্দিন করোনার টিকার দুটি ডোজই নিয়েছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক গাজী সালেহ উদ্দিন প্রগতিশীল শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন। চট্টগ্রামের বিভিন্ন আন্দোলন–সংগ্রামে তিনি সামনের কাতারে থাকতেন। তাঁর লেখা বইয়ের তথ্যকে দালিলিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া এক–এগারোর সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেপ্তার হওয়ার পর তিনিসহ বেশ কয়েকজন শিক্ষক প্রতিবাদ জানিয়েছিলেন। পরে তৎকালীন উপাচার্য অধ্যাপক আবু ইউসুফের সঙ্গে তাঁকেও র‍্যাব কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়।

এ তথ্য তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছিলেন। গত ১৯ জুলাই চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন তিনি।

অধ্যাপক গাজী সালেহ উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদে দুই বার ডিনের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রক্টর ও বিভাগের সভাপতি ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান, প্রক্টর রবিউল হাসান ভূঁইয়াসহ একাধিক শিক্ষক শোক জানিয়েছেন। এ ছাড়া তাঁর বহু ছাত্রী ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।