শাবিপ্রবিতে নমুনার চাপ, সুনামগঞ্জের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে ঢাকায়

সুনামগঞ্জ জেলার মানচিত্র

সুনামগঞ্জে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে সেগুলো পাঠানো হতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি–পিসিআর ল্যাবে। সেখান থেকে ফল জানতে এক–দুই দিন সময় লাগত। কিন্তু সেখানে এখন নমুনার চাপ বাড়ায় সুনামগঞ্জ থেকে নতুন করে নমুনা না পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

এ কারণে এখন থেকে জেলার সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। ফলে নমুনা পরীক্ষার ফল জানতে আগের চেয়ে সময় আরও বেশি লাগবে। এতে জেলায় সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শুরুতে সুনামগঞ্জের নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হতো। সেখান থেকে ফল জানতে চার থেকে সাত দিন সময় লাগত।শাবিপ্রবিতে আরটি–পিসিআর ল্যাব চালু হওয়ার পর থেকে নমুনা সেখানে পাঠানো হতো। গতকাল বৃহস্পতিবার শাবিপ্রবির ল্যাব থেকে জানানো হয় বর্তমানে সেখানে প্রচুর নমুনা জমা পড়ে আছে। তাই সুনামগঞ্জ থেকে নতুন করে নমুনা না পাঠানোর জন্য বলা হয়েছে।

গত শনি থেকে বুধবার পর্যন্ত চার দিনে সুনামগঞ্জ থেকে পাঠানো ১ হাজার ১১২টি নমুনা ওই ল্যাবে জমা ছিল। এই নমুনাগুলোর ফল এখনো জানা যায়নি। শাবিপ্রবির ল্যাব থেকে ওই নির্দেশনা পাওয়ার পর বৃহস্পতিবার নতুন করে সংগ্রহ করা ৪১৯টি নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানান, ঢাকায় নমুনা পাঠাতেই এক দিন সময় লাগে। সেখান থেকে ফল জানতে আরও কমপক্ষে চার দিন সময় লাগবে। এখন যেহেতু চাপ বেশি, তাই সময় আরও বেশি লাগতে পারে। এতে সংক্রমণ বাড়ার ঝুঁকি থাকে। যিনি নমুনা দিয়েছেন, তিনি ফল না জানার কারণে হয়তো পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিশছেন অথবা বাইরে ঘোরাঘুরি করছেন। এ জন্য পরীক্ষার ফল যত দ্রুত জানা যায়, ততই ভালো।

পৌর শহরের হাসননগর এলাকার বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘গত ২৯ জুলাই আমার পরিবারের এক সদস্যের নমুনা দিয়েছিলাম। কিন্তু এখনো ফল পাইনি। আট দিন হয়ে গেছে, এখন কী করব, বুঝতে পারছি না।’

সিভিল সার্জন মো. শামস উদ্দিন জানান, সুনামগঞ্জে অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। সিলেটের ল্যাবে চাপ কমলে আবার এখানে নমুনা পাঠানো হবে। ঢাকায় পাঠানো নমুনার ফল জানতে একটু সময় বেশি লাগে, কিন্তু কিছু করার নেই। সুনামগঞ্জ সদর হাসপাতালে একটি আরটি–পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি হলে আর কোনো সমস্যা থাকবে না।

সুনামগঞ্জে সর্বশেষ করোনা পরিস্থিতি

জেলায় আজ শুক্রবার পর্যন্ত মোট ৫ হাজার ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫০৫ জন। আইসোলেশনে আছেন ১ হাজার ৫৫৩ জন। আক্রান্ত ও মৃত্যুর অর্ধেকই হয়েছে গত দেড় মাসে। জেলা এ পর্যন্ত ২২ হাজার ২২৭৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

জেলায় করোনা প্রকোপের শুরুর পর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১০০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়। আজ সকাল পর্যন্ত হাসপাতালে ৪৯ জন রোগী ভর্তি ছিলেন। কিছুদিন আগেও হাসপাতালে রোগীর সংখ্যা কম থাকলেও দুই সপ্তাহ ধরে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে বলে জানা গেছে। করোনা রোগীদের জন্য হাই ফ্লো নাজাল ক্যানুলা ও আইসিইউ সুবিধা নেই।