নিষিদ্ধঘোষিত আনসার আল ইসলামের একজন গ্রেপ্তার
ঢাকায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন ‘সক্রিয় সদস্যকে’ গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
আজ সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রাত সোয়া সাতটার দিকে চালানো এক অভিযানে বাড্ডার আলাতুন নেছা স্কুল রোডের হাফিজ শফিউল্লাহ জেনারেল স্টোর থেকে মো. সোহেল ওরফে শফিউল্লাহকে (২৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৪টি মোবাইল, কিছু ‘উগ্রবাদী মতাদর্শের’ বই ও হাতে লেখা ৪টি ডায়েরি জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শফিউল্লাহ ‘অনেক দিন ধরে অনলাইন মিডিয়া ও সাইবার স্পেস ব্যবহার করে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন উগ্রবাদী প্রচার–প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি প্রচারণার সময় দেশে-বিদেশে অবস্থানরত আনসার আল ইসলামের সদস্যদের সঙ্গে বিভিন্ন ‘এনক্রিপ্টেড গ্রুপে’ (সুরক্ষিত সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ) যোগাযোগ রক্ষা করতেন বলে জানায় পুলিশ। তাঁদের দাবি, শফিউল্লাহ জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা ও জঙ্গিবাদে উদ্বুদ্ধ করে কর্মীদের জিহাদের জন্য প্রশিক্ষণে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তি নিষিদ্ধঘোষিত আনসার আল ইসলামের নতুন সদস্য সংগ্রহ ও সহযোগীদের নিকট সংগঠনটির সাংঠনিক খবরাখবর ও বিভিন্ন উগ্রবাদী মতাদর্শের বই আদান-প্রদান করতেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
‘অপরাধ সংঘটনের ষড়যন্ত্র’, অফলাইন এবং অনলাইনে ‘উগ্রবাদী প্রচার-প্রচারণার’ দায়ে মো. সোহেল ওরফে শফিউল্লাহর বিরুদ্ধে গতকাল একটি মামলা করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে গতকাল মামলাটি হয় বাড্ডা থানায়।