পুকুরে ভেসে উঠল বস্তাবন্দী লাশ

পুকুরে ভেসে উঠল বস্তাবন্দী এক বৃদ্ধের লাশ। তাঁর নাম আনিসুর রহমান (৬০)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বড় বিহানালী ইউনিয়নের গোয়াবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
স্থানীয় বড় বিহানালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, আজ শুক্রবার দুপুরে ইউপি সদস্য ইসহাক আলীর পুকুরে বস্তাবন্দী একটি লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন। বস্তার ভেতর থেকে একটি হাত বের হয়ে ছিল। বাগমারা থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দী লাশটি উদ্ধার করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। লাশটি পাশের গ্রামের ভ্যানচালক আনিসুর রহমানের বলে প্রতিবেশী ও স্বজনেরা শনাক্ত করেন।
স্বজনদের দাবি, দুই দিন ধরে আনিসুর রহমান নিখোঁজ ছিলেন। তবে এ বিষয়ে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। পারিবারিকভাবে খোঁজাখুঁজি চলছিল।
বিকেল চারটার দিকে মুঠোফোনে বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ কুমার চন্দ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। খুনিরা আনিসুর রহমানকে হত্যা করে লাশটি পুকুরে বস্তায় ভরে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।