যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে লেগুনাচালকের সহকারী নিহত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এলোপাতাড়ি ছুরিকাঘাতে লেগুনাচালকের সহকারী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। তাঁর নাম মো. আকাশ (২০)।
ভোরে বাসায় ফেরার পথে কয়েকজন আকাশকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে মারা যান তিনি।
এ প্রসঙ্গে যাত্রাবাড়ীর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুল হক বলেন, আকাশ পরিবারের সঙ্গে থাকতেন না। মাদককে কেন্দ্র করে পূর্বশত্রুতার জের ধরে দুবৃর্ত্তরা তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত মো. আকাশের (২০) বাবা মো. সামছু জানান, ‘আমার ছেলে লেগুনার হেলপারি করে। রোববার সারা রাত গাড়ির কাজ শেষে ভোরে বাসায় ফেরার পথে ধোলাইপাড় এলাকায় এলে জোবায়ের, বাট্টি মেহেদী, স্বপনসহ চার থেকে পাঁচজন আকাশের পথ রোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।’
এদিকে যাত্রাবাড়ী থানাধীন কলাপট্টি এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১১টার দিকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদা রহমান বলেন, তরুণীর নাম–পরিচয় জানা যায়নি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর।