আশুগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাযাত্রী শিশু নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বড়তল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর মণি (৯) নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী পূর্বপাড়া এলাকার সোহেল মিয়ার মেয়ে। দুর্ঘটনায় শিশুটির খালা হোসনে আরা বেগম আহত হয়েছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ থেকে তালশহর অভিমুখী একটি ট্রাক বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে শিশু অন্তর মনি অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। সে সময় তার মাথার ওপর দিয়ে ট্রাকটি চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা তার খালা হোসনে আরা বেগম আহত হন। স্থানীয় লোকজন ট্রাকচালক জালাল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, ট্রাকচাপায় ৯ বছরের একটি শিশু নিহত হয়েছে। এ ঘটনার ট্রাক ও চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা।