উখিয়ায় রোহিঙ্গা শিবির থেকে আগ্নেয়াস্ত্রসহ আরসার ‘শুটার সদস্য’ আটক

আটক
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়া কুতুপালং রেজিস্টার্ড আশ্রয়শিবির থেকে মুহাম্মদ ইদ্রিস (৪২) নামের একজনকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মুহাম্মদ ইদ্রিস উখিয়া কুতুপালং রেজিস্টার্ড আশ্রয়শিবিরের ডি–ব্লকের ২৮ নম্বর শেডের বাসিন্দা মৃত আবদুল করিমের ছেলে। এপিবিএন বলছে, ইদ্রিস মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) কমান্ডার জুবায়েরের গান গ্রুপের শুটার সদস্য।

গতকাল রোববার রাত দেড়টার দিকে উখিয়া কুতুপালং রেজিস্টার্ড আশ্রয়শিবিরে নিজের ঘর থেকে আগ্নেয়াস্ত্র, গুলিসহ ইদ্রিসকে আটক করা হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মো. নাঈমুল হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএনের দাবি, জুবায়ের গ্রুপ এক সপ্তাহ আগে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গুলি করেছিল। ইদ্রিস রেজিস্টার্ড ক্যাম্পের ডি–ব্লকে কথিত আরসার কমান্ডারের পক্ষে অবৈধ প্রভাব তৈরির চেষ্টা করে আসছিলেন। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছিল। এ অভিযানে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সফলতা পাওয়া গেছে।

এপিবিএন পুলিশ জানায়, গতকাল রাতে উখিয়া কুতুপালং রেজিস্টার্ড আশ্রয়শিবিরে কুতুপালং পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালান। এ সময় ডি–ব্লকের ২৮ নম্বর শেডের নিজ ঘর থেকে মুহাম্মদ ইদ্রিসকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।