কসবায় করোনায় প্রাথমিকের প্রধান শিক্ষকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় করোনা সংক্রমিত হয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তারের (৫০) মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টা ২০ মিনিটে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সেলিনা আক্তার কসবা পৌর শহরের তারাপুর ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। এর আগে তিনি কসবা পৌর শহরের বগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সেলিনা আক্তারের স্বামী মো. বদিউল আলম সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড আখাউড়া শাখার ব্যবস্থাপক।
পরিবার সূত্রে জানা যায়, আজ সোমবার পৌর ঈদগাহ মাঠে প্রথম জানাজা ও স্বামীর বাড়ি ব্রাহ্মণপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে সেলিনা আক্তারকে দাফন করা হবে।
সেলিনার বড় ভাই কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া বলেন, ‘আমাদের ভাইবোনদের মধ্যে সবার ছোট সেলিনা। সে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি। সেলিনা ক্যানসারে ভুগছিল। সম্প্রতি আবার করোনায় আক্রান্ত হয়েছিল।’