কালিয়াকৈরে আগুনে পুড়ল ছয়টি দোকান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান। সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা বাগান বাজারে
ছবি: প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা–বাগান বাজারে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। আজ সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চা–বাগান বাজারের ব্যবসায়ীরা জানান, বাজারে দুই শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান আছে। আজ ভোররাত চারটার দিকে নুরুল আমিনের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় শহিদুল ইসলামের মুদি দোকান, শাকিল হোসেনের কম্পিউটারের দোকান, আবুল হোসেন ও কবির হোসেনের কনফেকশনারির দোকান, এমারত হোসেনের টিভি–ফ্রিজের শোরুমসহ ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনে পুড়ে তাঁদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির ও বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।