কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

হত্যা মামলায় বন্দী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ এক হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সোয়া ছয়টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই হাজতির নাম আবদুল আহাদ (৪০)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার নদার মালপাড়া এলাকার মৃত জমির আলীর ছেলে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এর জেলার আবু সায়েম বলেন, আজ ভোরে কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন হাজতি আবদুল আহাদ। এ সময় তাঁকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর নামে সিলেটের কাফরুল থানায় হত্যা মামলা আছে। ওই মামলায় তিনি ২০১৭ সাল থেকে এ কারাগারে বন্দী ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২–এ তাঁর হাজতি নম্বর-১২৪/১৭।