কুষ্টিয়ায় সমাবেশ সফল করতে জেলা বিএনপির সভা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানোর দাবিতে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে ১৫ জানুয়ারি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশ সফল করতে শুক্রবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্যসচিবদের নিয়ে প্রস্তুতি সভা করেছে দলটি।
জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ সোহরাব উদ্দিন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রমুখ। সভায় জেলার ছয়টি উপজেলা ও পাঁচটি পৌরসভার কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সোহরাব উদ্দীন প্রথম আলোকে বলেন, শহরের দুটি জায়গার যেকোনো একটিতে সমাবেশ করতে অনুমতি চাওয়া হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। সমাবেশ সফল করতে সব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।