নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের অভ্যন্তরে থাকা ব্যক্তিমালিকানাধীন একটি ওষুধের দোকান (ফার্মেসি) ও ক্যানটিনে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে এর মালিকপক্ষ। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ওই ফার্মেসি-সংলগ্ন স্টোররুম থেকে মালামাল আনতে গেলে বহিরাগতরা কর্মচারীদের ওপর হামলা চালায়। এ নিয়ে দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দিয়েছে।
শুক্রবার জেলা শহর মাইজদীর পল্লী উন্নয়ন একাডেমি মিলনায়তনে (বিআরবি) এক সংবাদ সম্মেলন করেন ফার্মেসির মালিক গোলাম মর্তুজা। সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি হাসপাতালের অভ্যন্তরে ফার্মেসি ও ক্যানটিন পরিচালনা করছেন। তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার। তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান এস এন কনস্ট্রাকশনের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নির্মাণের কাজ করছে।
গোলাম মর্তুজার অভিযোগ, আইসিইউ নির্মাণের ঠিকাদারি পাওয়ার পর স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) জেলা সভাপতি ফজলে এলাহী খান তাঁর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগেও তিনি স্বাচিপের নাম করে বিভিন্ন সময় তাঁর কাছ থেকে চাঁদা নিয়েছেন। সর্বশেষ দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হন ফজলে এলাহী। তিনি বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে একদল সন্ত্রাসী নিয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালান। একপর্যায়ে হামলাকারীরা তাঁর ওষুধের দোকান ও ক্যানটিনে তালা দিয়ে দেয়। পরে ঘটনাস্থলে সুধারাম থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে ফজলে এলাহী খান বলেন, ফার্মেসির জন্য গোলাম মর্তুজাকে যতটুকু জায়গা ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, তার চেয়ে অতিরিক্ত জায়গা দখল করে রেখেছেন তিনি। শুধু তা–ই নয়, হাসপাতালে প্রতিষ্ঠিত কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সের স্টোররুম অবৈধভাবে দখল করে রেখেছেন গোলাম মর্তুজা। বৃহস্পতিবার হাসপাতালের কর্মচারীরা স্টোররুম থেকে মালামাল নিতে গেলে তাঁদের ওপর হামলা চালায় মর্তুজার ভাড়াটে সন্ত্রাসীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়।
ফজলে এলাহী আরও বলেন, যে প্রতিষ্ঠানটি আইসিইউ নির্মাণের কাজ পেয়েছে, তাদের পূর্বে এ ধরনের কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। তাঁরা অনভিজ্ঞ প্রতিষ্ঠানকে আইসিইউ নির্মাণকাজ দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে এবং স্বাচিপের মতো একটি স্বনামধন্য সংগঠনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য চাঁদা দাবির মনগড়া অভিযোগ করছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, বৃহস্পতিবার সকালে ব্যক্তিগত মালিকানার ওই ফার্মেসি-সংলগ্ন কিডনি ডায়ালাইসিস কমপ্লেক্সের স্টোররুম থেকে মালামাল আনতে গেলে বহিরাগত সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, জেনারেল হাসপাতালে সংঘটিত ঘটনার বিষয়ে দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ দুটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।