খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ বুধবার বেলা দুইটায় সংগঠনটির জেলা শাখার আয়োজনে শহরের টাউন হল মোড়ের আবদুল মালেক উকিল সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকেরা বলেন, কর্মসূচি পালন উপলক্ষে বেলা দেড়টার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা একে একে শহরের টাউন হল মোড়ে জড়ো হতে থাকেন। মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সভাপতি বি ইউ এস কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার নীলনকশা বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে তাঁকে (খালেদা জিয়া) সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সরকার আইনের দোহাই দিয়ে খালেদা জিয়াকে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই অবিলম্বে খালেদা জিয়াকে চিকিৎসার জৃন্য বিদেশে পাঠানোর অনুমতি দিতে হবে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান।
পরে আইনজীবী ফোরামের সদস্যরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে জেলা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।