খুলনা বিভাগে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

করোনায় মৃত্যু
ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এক দিনে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে বিভাগে নতুন করে ৭৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে যশোর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও নড়াইলের একজন করে আছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে ২ হাজার ২৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩২ দশমিক ৮৬ শতাংশ। তবে বিভাগের মেহেরপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও কুষ্টিয়ায় শনাক্তের হার ৪০ শতাংশের ওপরে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলার সর্বোচ্চ ২০০ জন, কুষ্টিয়ার ১৩২, যশোরের ১১১, চুয়াডাঙ্গার ৭৪, ঝিনাইদহের ৬০, সাতক্ষীরার ৫২, বাগেরহাটের ৩৯, মেহেরপুরের ৩০, মাগুরার ২২ ও নড়াইলের ২০ জন রয়েছেন। বিভাগের মধ্যে মেহেরপুরে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার সর্বোচ্চ ৪৩ দশমিক ৪৮ শতাংশ। সবচেয়ে কম শনাক্তের হার চুয়াডাঙ্গায়, ২২ দশমিক ৭ শতাংশ।]

বিভাগে বর্তমানে ২১৬ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। বিভাগে এখন পর্যন্ত ১ লাখ ২৩ হাজার ৫২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৯ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, বিভাগে ৪ দিন ধরে শনাক্তের হার ৩৩ থেকে ৩৬ শতাংশের মধ্যে ছিল। আজ শনাক্তের হার আরও কিছুটা কমেছে। তবে আজ বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।