খুলনা বিভাগে করোনা শনাক্ত ৫ শতাংশের নিচে, মৃত্যু ১

করোনার নমুনা সংগ্রহ
ফাইল ছবি

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫ শতাংশের নিচে নেমে এসেছে। বিভাগে গত এক দিনে ১ হাজার ১৬৫ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনার শনাক্ত হয়। শনাক্তের হার ৪ দশমিক ৫৫। চলতি বছরের মধ্যে এটাই এক দিনে সর্বনিম্ন শনাক্তের হার। আজ শুক্রবার দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

খুলনা বিভাগে এর আগের দিন ১ হাজার ১০৭ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৫ দশমিক ১৫। আগের দিনের তুলনায় আজ নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লেও শনাক্তের সংখ্যা ও শনাক্তের হার কমেছে। আগের দুই দিন বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও গত ২৪ ঘণ্টায় খুলনায় ১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৫৩ জনের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১৭ জন আছেন। এ ছাড়া চুয়াডাঙ্গায় ১০, মেহেরপুরে ৬, যশোরে ৮, ঝিনাইদহে ৩, বাগেরহাটে ১ এবং খুলনায় ও সাতক্ষীরায় ৪ জন করে শনাক্ত হয়েছেন। বিভাগের মধ্যে মাগুরা ও নড়াইলে কোনো রোগী শনাক্ত হয়নি।

খুলনা বিভাগে বর্তমানে ৩ হাজার ৯৪৬ করোনা রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৯৯ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিরা বাড়িতে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন ও সুস্থ হয়েছেন ২৫৫ জন। বিভাগে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৮৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১ লাখ ২১ হাজার ৬৬৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মনজুরুল মুরশিদ বলেন, গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণের হার কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যা জানুয়ারির শেষে অব্যাহত থাকতে দেখা গেছে। ফেব্রুয়ারির শুরু থেকে সংক্রমণের হার একটু একটু কমে এখন ৫ শতাংশের নিচে নেমেছে। হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা এবং চিকিৎসাধীন রোগী কমছে। তারপরও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে।