গোয়াইনঘাট উপজেলা বিএনপির নেতৃত্বে মাহবুব–জসিম

বৃহস্পতিবার দ্বি-বার্ষিক সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিলে গোয়াইনঘাট উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়
ছবি: প্রথম আলো

মাহবুব আলমকে সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি ও জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শেষে কাউন্সিলে এ নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে মাহবুব আলমকে সভাপতি ও মাহবুবু আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া ভোটের মাধ্যমে জসিম উদ্দিন সাধারণ সম্পাদক, আবদুল মতিন জ্যেষ্ঠ সহসভাপতি ও জয়নাল আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ কলিম উদ্দিন আহমদ।

কলিম উদ্দিন আহমদ বলেন, জাতির ঘাড়ে আওয়ামী ফ্যাসিবাদ জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। এ থেকে গণতন্ত্রকামী জনতাকে মুক্ত করতে তৃণমূলকে শক্তিশালী করা প্রয়োজন। ফ্যাসিস্ট সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন, দেশে একতরফা পাতানো নির্বাচনের সুযোগ আর পাবে না। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তৃণমূল বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যত দিন তৃণমূল বিএনপি শক্তিশালী থাকবে, তত দিন জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

সম্মেলন শেষে কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, আবদুল কাইয়ুম চৌধুরী, আবদুল মান্নান, ফখরুল ইসলাম, মাহবুবুর রব চৌধুরী, মামুনুর রশিদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এমরান আহমদ চৌধুরী, আবদুল আহাদ খান, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল হাকিম চৌধুরী, বিএনপির নেতা কামরুল হাসান।

এ ছাড়া বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আইন সম্পাদক মুজিবুর রহমান, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান, জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক আল আসলাম, বিএনপির নেতা আ ফ ম কামাল, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, জৈন্তাপুর উপজেলার সাধারণ সম্পাদক আবদুল হাফিজ, দক্ষিণ সুরমা উপজেলার সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, বিএনপির নেতা আবু তাহের, জেলার সাবেক সহকোষাধ্যক্ষ আহমদ রেজা, সাবেক সহদপ্তর সম্পাদক আবদুল মালেক, জেলা যুবদলের সদস্যসচিব মকসুদ আহমদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, বিএনপির নেতা মাহবুব আলম ও শিপু আহমদ প্রমুখ।