ঘর বানানোর জন্য মাটি খুঁড়তে গিয়ে বিপুল পরিমাণ গুলি উদ্ধার
বরিশালের আগৈলঝাড়া উপজেলার কালুরপাড় আশ্রয়ণ প্রকল্পের ঘর বানানোর সময় মাটি খুঁড়তে গিয়ে বিপুল পরিমাণ গুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। আজ শুক্রবার সকালে গুলি দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে ১ হাজার ৫৫৪টি থ্রি নট থ্রি গুলি উদ্ধার করে আগৈলঝাড়া থানা-পুলিশ। পুলিশের ধারণা, অনেক আগেই কেউ এসব গুলি পুঁতে রেখেছিল।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে দুস্থদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর বানানোর কাজ শুরু করে সরকার। আজ সকালে শ্রমিকেরা তিন ফুট মাটি খুঁড়লে বেশ কিছু গুলি বের হয়ে আসে। পরে তাঁরা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, আগৈলঝাড়া থানা-পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তাঁরা। তাঁদের উপস্থিতিতে আরও মাটি খুঁড়ে বিপুল পরিমাণ থ্রি নট থ্রি রাইফেলের গুলি উদ্ধার করা হয়। সবার উপস্থিতিতে গুনে ১ হাজার ৫৫৪টি গুলি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মাজহারুল ইসলাম বলেন, গুলি উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উদ্ধার গুলিগুলো থানায় রয়েছে। আগামীকাল শনিবার বরিশাল আদালতে পাঠিয়ে আদালতের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, অনেক আগে গুলিগুলো কেউ মাটির নিচে পুঁতে রেখেছে।
ইউএনও মো. আবুল হাশেম প্রথম আলোকে বলেন, আশ্রয়ণ প্রকল্পের শ্রমিকেরা মাটি খুঁড়ে গুলি পাওয়ার ঘটনা তাঁকে জানালে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গুলি উদ্ধার করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।