ঘাস কাটতে গিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী খুরশিদমহল সেতুর ওপর ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন খুরশিদমহল গ্রামের শহীদ মিয়ার ছেলে মানিক মিয়া (৩৩) ও নুর হোসেনের ছেলে মাসুম মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জানায়, প্রতিদিনের মতো সকালে খুরশিদমহল সেতুর নিচে গরুর জন্য ঘাস কাটতে যান মানিক ও মাসুম। অন্য দিন বস্তাভর্তি ঘাস নিয়ে বাড়ি ফিরলেও আজ তাঁদের আর ফেরা হলো না। কোনো কিছু বুঝে ওঠার আগেই সেতুর ওপরে ওই দুজনকে বালুবাহী একটি ড্রামট্রাক চাপা দিয়ে চলে যায়। দুর্ঘটনাস্থলে পড়ে থাকে ঘাস কাটার দুটি কাঁচি ও দুটি বস্তা। স্থানীয় লোকজন দুজনের লাশ সেতুর ওপর পরে থাকতে দেখে পুলিশে খবর দেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হজরত আলী বলেন, আজ সকালে মানিক ও মাসুম খুরশিদমহল গ্রামের নিজ বাড়ি থেকে বের হন। খুরশিদমহল সেতুর ওপর দিয়ে হেঁটে পার হওয়ার সময় পেছন দিক থেকে আসা বালুভর্তি ড্রামট্রাক তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দুর্ঘটনাস্থল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার অন্তর্ভুক্ত। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।