চট্টগ্রামে জামায়াতের ১০ নেতা-কর্মীর রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের টেরিবাজার এলাকা থেকে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ৪৯ নেতা-কর্মীর মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করতে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

১০ আসামি হলেন বক্সিরহাট শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ, টেরিবাজার শাখার সভাপতি হুমায়ুন কবির, টেরিবাজার কাটাপাহাড় শাখার সভাপতি রাশেদুল করিম, কাটা পাহাড় শাখার সহসভাপতি তাজুল ইসলাম, জামায়াতের টেরিবাজার ইমাম ম্যানশন শাখার সভাপতি মো. ইস্রাফিল, সেক্রেটারি মো. শাহাজাহান, কর্মী সাদ্দাম হোসেন, হুমায়ুন কবির, ওসমান গণি ও সাইফুল ইসলাম।

১৬ মে রাতে নগরের টেরিবাজার এলাকার একটি হোটেলে গোপন বৈঠকের অভিযোগে পুলিশ ৪৯ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কামরুল হাসান প্রথম আলোকে বলেন, আসামিদের মধ্যে ১০ জনকে জিজ্ঞাসাবাদ করতে কোতোয়ালি থানা-পুলিশ রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।