চট্টগ্রামে প্রতিবন্ধী ভাতা বাড়ানোর দাবিতে সমাবেশ

চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড়ের মোড়ে সমাবেশের আয়োজন করা হয়ছবি: সংগৃহীত

জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা দুই হাজার টাকা করার দাবি জানিয়েছেন প্রতিবন্ধী ব্যক্তিরা। পাশাপাশি চাকরিতে সম-অধিকার প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি জানিয়েছেন তাঁরা।

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড়ের মোড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের (ডিপিও) উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

দাবিসমূহের মধ্যে রয়েছে আগামী বাজেটে প্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ২ হাজার করা, প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে নিয়োগ ও কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন, সরকারি-বেসরকারি সব সেবা পেতে তথ্যভান্ডারে প্রতিবন্ধীদের তথ্য অন্তর্ভুক্ত করা।

সমাবেশে সভাপতিত্ব করেন কৃষ্টি প্রতিবন্ধী মানুষের স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র ও বি-স্ক্যানের সভাপতি সাবরিনা সুলতানা। কৃষ্টির সাধারণ সম্পাদক তাসনিন সুলতানা নীলার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন হাসান মনছুর, শিউলি চক্রবর্তী, সেলিনা আক্তার রওশন চৌধুরী, ফিরোজ আহমেদ, নুরজাহান, নিমাই বণিক, আলী আহমেদ প্রমুখ।

এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন এডাবের সভাপতি জেসমিন সুলতানা, ইউনাইটেড থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশনের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ চৌহান।

সাত দফা দাবি নিয়ে বৃহস্পতিবার প্রতিবন্ধীদের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে বলে সমাবেশ থেকে জানানো হয়।