চট্টগ্রামে শহীদ মিনারে মানুষের ঢল

অমর একুশের কবিতা পাঠ করছে বোধন আবৃত্তি সংগঠন। আজ সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম নগরের শাহ আমানত মার্কেটের সামনে
ছবি: জুয়েল শীল

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সোমবার সকালে চট্টগ্রামের বিকল্প অস্থায়ী শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ রোখার শপথ এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধায় অবনত আগত নারী-পুরুষেরা। ফুলে ফুলে ভরে ওঠে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠের শহীদ মিনার।

বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক নিয়ে শ্রদ্ধা জানায়। নগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, সিপিবি, বাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ছাত্র মৈত্রী, বোধন, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রমা আবৃত্তি সংগঠন, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর-জেলাসহ বিভিন্ন সংগঠন শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শহীদ মিনারে প্রবেশের আগে এক অভিভাবক তাঁর সঙ্গে থাকা ছেলেমেয়েদের মাথায় অমর একুশের ফিতা লাগিয়ে দিচ্ছেন। আজ সকাল সাড়ে নয়টায় নগরের শাহ আমানত মার্কেটের সামনে
ছবি: জুয়েল শীল

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা সরওয়ার আলম বলেন, ‘ভাষা আন্দোলনের হাত ধরে আমাদের মুক্তিযুদ্ধ। বাঙালির মুক্তির সনদ রচিত হয়েছে। এখনো স্বাধীনতা বিরোধীরা ওত পেতে রয়েছে। আজ একুশের শপথ হোক জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রোখার।’
উল্লেখ্য, এবার চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হলের সামনের কেন্দ্রীয় শহীদ মিনারটি পুনর্নির্মাণের কারণে বন্ধ রাখা হয়েছে। এ কারণে বিকল্প হিসেবে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের শহীদ মিনারে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন।

সকালে উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ, বোধন আবৃত্তি পরিষদসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনার এলাকায় গণসংগীত ও আবৃত্তি পরিবেশন করেছে। উদীচীর সহসভাপতি সুনীল ধর বলেন, ‘একুশ আমার চেতনা। বাঙালি জাতি যত দিন বেঁচে থাকবে বায়ান্ন-একাত্তর আমাদের প্রেরণা জোগাবে। বাংলা মাকে ভালোবাসি। মুক্তিযুদ্ধের চেতনায় দূর হোক সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ।’

এর আগে রাতে একুশের প্রথম প্রহরে শহীদ বেদিতে ফুল দিয়ে কৃতজ্ঞচিত্তে ভাষাশহীদদের স্মরণ করছে চট্টগ্রামবাসী। একুশের প্রথম প্রহরে এ শহীদ মিনারে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রামের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। পরে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ ছাড়া চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চাঁদের হাট, জেনারেল হাসপাতালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।