চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরের ১৩ নম্বর জেটিতে একটি জাহাজ থেকে পড়ে এক বন্দর শ্রমিক মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। বন্দরের সচিব ওমর ফারুক খবরটি নিশ্চিত করেন।
নিহত ব্যক্তির নাম আমিন উল্লাহ (৫৫)। তিনি বন্দর থানার ফকিরহাট এলাকার আবদুল খালেকের ছেলে। তাঁর গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঁইয়ায়।
বন্দরের সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তি কনটেইনার ওঠানো–নামানোর সময় মাথা ঘুরে ওপর থেকে নিচে পড়ে যান। তিনি বন্দরে নিয়োজিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নগরীর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা হাসপাতালে যাচ্ছেন।