ছাগলের জন্য বিরাট আয়োজন নিঃসন্তান দম্পতির
কুষ্টিয়ায় এক নিঃসন্তান দম্পতি তাঁদের ছাগলের খাসি করানো উপলক্ষে ৩০০ অতিথিকে আপ্যায়ন করেছেন। জেলার কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। ওই দম্পতি হলেন ওই গ্রামের দিনমজুর ওহাব ও লাইলী বেগম।
ওহাব ও লাইলী বেগমের প্রায় ২৫ বছরের দাম্পত্য জীবন, কিন্তু তাঁরা নিঃসন্তান। সম্প্রতি তাঁদের একটি ছাগলের দুটি বাচ্চা হয়। সেই বাচ্চা দুটিকে খাসি করিয়েছেন তাঁরা। এ উপলক্ষে রঙিন কাপড়ে সাজিয়েছেন বাচ্চা দুটিকে। প্রায় ৩০০ অতিথিকে দাওয়াত করে ভূরিভোজ করিয়েছেন তাঁরা।
এমন ব্যতিক্রমী আয়োজনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ওহাব-লাইলী দম্পতির বাড়িতে ভিড় করেন। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ছাগলের খৎনার আয়োজন শুরু হয়েছে গত বৃহস্পতিবার দুপুর থেকে, গতকাল সন্ধ্যা পর্যন্ত চলে এ আয়োজন।
দিনমজুর ওহাব বলেন, ‘আমাদের কোনো সন্তান নেই। বাড়িতে একটি ছাগল দুটি বাচ্চা দিয়েছে। আত্মতুষ্টির জন্য এ আয়োজন করেছি।’
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল জানান, সাংবাদিকদের মাধ্যমে তিনি এমন খবর পেয়েছেন, তবে দম্পতির সঙ্গে কোনো কথা হয়নি।