জামালপুরে আরও ১০ জনের করোনা শনাক্ত
জামালপুরে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এক দিনের নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৬ দশমিক ৯৪ ভাগ। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৬৪।
গত ২৪ ঘণ্টায় পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জেলার সিভিল সার্জন প্রণয় কান্তি দাস আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৫৯টি নমুনা পরীক্ষায় নতুন করে ১০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
এর মধ্যে ৬ জন জামালপুর সদরের, মেলান্দহের ২ জন, মাদারগঞ্জ ও সরিষাবাড়ীর ১ জন করে বাসিন্দা।
জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ২২ হাজার ৩৩৪টি। সব পরীক্ষার প্রতিবেদন এসেছে। এ পর্যন্ত মারা গেছেন ৩৫ জন।
জেলায় এ পর্যন্ত ৫৫ চিকিৎসক, ৩৬ নার্স ও ১০৬ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, ঈদের পর থেকে ক্রমেই শনাক্তের হার বাড়ছে। সংক্রমণ কমানোর একমাত্র উপায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা। তবে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই। ফলে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে।