ট্রান্সফরমার চুরির সময় দুই যুবক দগ্ধ, পরে গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ট্রান্সফরমার চুরির সময় দুই যুবক বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছেন। পরে চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার মাদরা গ্রাম থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই যুবক হলেন মাদরা গ্রামের শাহিনুর রহমান (২৬) ও জসিম হোসেন (২৮)।
মাদরা গ্রামের পল্লী বিদ্যুতের গ্রাহক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আজ ভোর চারটার দিকে বিদ্যুতের লাইনে হঠাৎ বিকট শব্দ হয়। তিনি ঘর থেকে বাইরে বের হয়ে দেখেন, শাহিনুর রহমান ও জসিম হোসেন নামের দুই যুবক তাঁর বাড়ির পাশের বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে পড়ে আছেন। তাঁদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ। আশপাশের লোকজন ডেকে তাঁদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেই সঙ্গে কলারোয়া উপজেলার রাজপুর পল্লী বিদ্যুৎ অভিযোগকেন্দ্রে বিষয়টি জানানো হয়। দগ্ধ দুজন জানিয়েছেন, তাঁরা ট্রান্সফরমার চুরি করার জন্য বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গেছেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল করিব বলেন, এ ঘটনায় পল্লী বিদ্যুতের কলারোয়া জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক মল্লিক বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় দগ্ধ দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।