দিনাজপুর শহরের রাস্তাঘাট সংস্কারের দাবিতে মানববন্ধন
দিনাজপুর পৌর শহরের রাস্তাঘাট সংস্কার ও যানজট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রোবরার বেলা ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট নামের একটি সংগঠনের উদ্যোগে শহরের জেল মোড় এলাকায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের সভাপতি আ ন ম গোলাম রব্বানী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুস সামাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মাহামুদুল হাসান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বজলুল হক, পৌর নাগরিক মঞ্চের সদস্যসচিব রেজাউর রহমান, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাবেক পৌর মেয়র মোসাদ্দেক হোসেন প্রমুখ।
এতে ইনস্টিটিউটের নেতারা, বীর মুক্তিযোদ্ধা ছাড়াও স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশের সর্বত্র রাস্তাঘাট, স্কুল-কলেজ, এমনকি জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে। কিন্তু দেড় শ বছরের পুরোনো দিনাজপুর পৌরসভা এই উন্নয়নের ছোঁয়া পায়নি। শহরের ভাঙাচোরা রাস্তাঘাট, ময়লা–আবর্জনায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পৌর শহরের মানুষ দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছে। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শহরটি। উপরন্ত শহরে অনিয়ন্ত্রিত ইজিবাইকের কারণে দিনের পুরোটা সময়ই লেগে থাকছে তীব্র যানজট।
বক্তারা এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে শহরের রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করে ঐতিহ্যবাহী শহরে নাগরিক দুর্ভোগ লাঘবের আহ্বান জানান। অন্যথায় বৃহৎ কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তাঁরা।