দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান চলায় তা বন্ধ করতে সমস্যা হচ্ছে: ত্রিপুরার স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশ অংশে মাদক চোরাচালান বন্ধে তাঁর সরকার চার বছর ধরে কাজ করছে। বর্তমানে ত্রিপুরা সরকার মাদকের বিরুদ্ধে সোচ্চার। দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান চলছে। তাই এটা বন্ধ করতে সমস্যা হচ্ছে।
আজ শুক্রবার দুপুরে রাজশাহীতে বাংলাদেশ-ভারত যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক সীমান্তে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামপ্রসাদ পাল এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে ত্রিপুরা সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে তাঁর সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন। তিনি এ সময় ত্রিপুরা–বাংলাদেশ সীমান্তে গাঁজা চাষ বন্ধে যথাযথ ব্যবস্থা নেবেন বলেও জানান।
ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে এলে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। এ সময় ত্রিপুরার বাংলাদেশ হাইকমিশনের সহকারী রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ, ত্রিপুরার স্থলবন্দর কর্মকর্তা নন্দীবাবু, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ, আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।