দুই স্কুলছাত্রীকে অপহরণের দায়ে এক নারীর ১৪ বছরের কারাদণ্ড

কারাদণ্ড
প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে অপহরণের দায়ে এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের দণ্ড দিয়েছেন বিচারক। আজ বুধবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩–এর বিচারক এম আলী আহমেদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ওই নারীর নাম স্বপ্না রানী ওরফে লাইজু বেগম। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ এলাকার বকশিপাড়া গ্রামের শওকত আলীর মেয়ে। স্বপ্না রানী জামিনে মুক্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাজেবুর রহমান বলেন, ২০১০ সালের ৫ আগস্ট কাউনিয়া উপজেলার ধর্মেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী শাহিমা (৭) ও জিনাত জাহানকে (৭) স্কুলে যাওয়ার পথে অপহরণ করেন স্বপ্না রানী। তবে ওই দিনই দুই শিশুসহ স্বপ্না রানীকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন।

ওই দিনই অপহরণ হওয়া শাহিমার বাবা ফেরদৌস আলী বাদী হয়ে কাউনিয়া থানায় একটি অপহরণ মামলা করেন। ওই মামলায় স্বপ্না রানীকে একমাত্র আসামি করা হয়। এরপর স্বপ্না জামিনে মুক্ত হয়ে গা ঢাকা দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৮ ডিসেম্বর কাউনিয়া থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে আদালত মামলার ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন।