নরসিংদীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীর পলাশ উপজেলায় আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাতটার দিকে উপজেলার ঘোড়াশাল স্টেশনের আউটার–সংলগ্ন বড়ইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশে যাচ্ছিল। সকাল সাতটার দিকে ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের আউটার–সংলগ্ন বড়ইবাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ওই যুবককে ধাক্কায় দেয় আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন। এতে তাঁর ডান চোখ বরাবর মাথা থেঁতলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. ইমায়েদুল জাহিদী বলেন, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। যুবকের পরনে ছিল ময়লা প্যান্ট ও ছেঁড়া ফুলহাতা মোটা গেঞ্জি। তাঁর পোশাক দেখে মনে হয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।