নলছিটিতে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
ঝালকাঠির নলছিটিতে ভ্যানের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সালেহা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার পরমপাশা দরগাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালেহা বেগম বরিশাল আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠি এলাকার মৃত আবুল কালাম খানের স্ত্রী।
সালেহা বেগমের ওড়নার একটি অংশ ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ওড়নার অপর অংশের মাধ্যমে গলায় ফাঁস লাগে।
স্বজন ও এলাকাবাসী জানান, সোমবার সকালে সালেহা বেগম আগৈলঝাড়ার নিজ বাড়ি থেকে নলছিটি বাসস্ট্যান্ডে এসে নামেন। সেখান থেকে সিদ্ধকাঠির মেয়েজামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য ভ্যানে ওঠেন। ভ্যানটি পৌরসভার পরমপাশা দরগাবাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ সালেহা বেগমের ওড়নার একটি অংশ ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ওড়নার অপর অংশের মাধ্যমে গলায় ফাঁস লাগে। এ সময় তিনি সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করা হবে।