নাটোর থেকে পাচারের সময় ১২০০ বস্তা সার উদ্ধার, গ্রেপ্তার ৬
নাটোর থেকে পাচার করার সময় সরকারি ১ হাজার ২০০ বস্তা ডিএপি সার উদ্ধার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর-বগুড়া সীমান্তবর্তী বামিহালি এলাকায় তিনটি ট্রাক থেকে সারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয় পরিবহনশ্রমিককে আটক করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকের চালক সবুর হোসেন (২৮), রুহুল আমিন (৩০) ও তানভির হোসেন (২৩) এবং চালকের সহকারী ইমরান হোসেন (২৩), রাকিব হোসেন (১৯) ও মো. বিশু (২২)। তাঁদের সবার বাড়ি বগুড়া জেলার কাহালু ও গাবতলী থানা এলাকায়।
নাটোর র্যাব ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, একটি কালোবাজারি চক্র সরকারিভাবে আমদানি করা ডিএপি সার নাটোর থেকে শেরপুরে পাচার করছিল। পরে র্যাবের একটি দল বামিহালি এলাকায় রানিহাট-বগুড়া সড়কের পাশে চেকপোস্ট বসিয়ে ট্রাক তিনটি আটক করে। এ সময় ট্রাক থেকে ১ হাজার ২০০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, সরকারিভাবে আমদানি করা ডিএপি সারের ভালো চাহিদা রয়েছে। তাই একটি কালোবাজারি চক্র নাটোরের বিভিন্ন স্থান থেকে ডিএপি সার সংগ্রহ করে অন্য জেলায় পাচার করছিল।
মো. ফরহাদ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকের চালক ও সহযোগীরা জানিয়েছেন, কয়েকজন ব্যবসায়ী সারগুলো পরিবহনের জন্য তাঁদের ট্রাক ভাড়া নিয়েছেন। এ ঘটনায় শেরপুর থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের পাশাপাশি র্যাব সার কালোবাজারির ওই ঘটনা নিয়ে গোপন তদন্ত করছে।