নান্দাইলে পূর্বনির্ধারিত মঞ্চে কর্মিসমাবেশ করতে পারল না যুবদল
পুলিশের অনুমতি না থাকায় পূর্বনির্ধারিত মঞ্চে সমাবেশ করতে পারেনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদল। ফলে বিভিন্ন স্থান থেকে আসা দলের কর্মীরা দীর্ঘ পাঁচ ঘণ্টা সময় রাস্তায় অতিবাহিত করে বাড়িতে চলে যান।
নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, যুবদলের কর্মিসমাবেশ আয়োজন করার জন্য আজ শুক্রবার সকাল ১০টার দিকে নান্দাইল পৌরসভার বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। সমাবেশ সফল করার জন্য এক সপ্তাহের বেশি সময় ধরে উপজেলার সর্বত্র প্রচার চালানো হয়। আজকের সমাবেশে নান্দাইল উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা ছিল।
দুপুর ১২টার দিকে সরেজমিনে বালিয়াপাড়া মহল্লায় দেখা যায়, পুলিশ লাঠি হাতে যুবদল কর্মীদের ধাওয়া করছে। ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ কর্মীরা বিভিন্ন মহল্লায় ঢুকে পড়ছেন। সেখানে দায়িত্ব পালনরত নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রুবেল রহমান বলেন, এই কর্মিসমাবেশ উপলক্ষে যুবদলের একাধিক বিরোধী গ্রুপ সক্রিয় আছে বলে পুলিশের কাছে তথ্য এসেছে। সমাবেশকে কেন্দ্র করে গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ বাধার আশঙ্কা রয়েছে। তাই জানমালের ক্ষয়ক্ষতি এড়ানোসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ হস্তক্ষেপ করেছে।
সমাবেশ সফল করার জন্য এক সপ্তাহের বেশি সময় ধরে উপজেলার সর্বত্র প্রচার চালানো হয়। আজকের সমাবেশে নান্দাইল উপজেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথা ছিল।
যুবদলের কয়েকজন কর্মী ও পৌরসভার বালিয়াপাড়া মহল্লার কয়েকজন বাসিন্দা বলেন, সমাবেশ আয়োজন করার জন্য অনুমতি না থাকায় পুলিশ প্রথমে বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থাপিত সভামঞ্চটি গুটিয়ে নিতে বাধ্য করে। সমাবেশে আসা কর্মীরা বসার জায়গা না পেয়ে দীর্ঘ পাঁচ ঘণ্টা নান্দাইল-রসুলপুর সড়কের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে থাকেন। একপর্যায়ে জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। কর্মীরা এলোমেলোভাবে ঘোরাফেরা করার পর বেলা তিনটার দিকে ইজিবাইক, মোটরসাইকেল ও পিকআপে করে যে যাঁর মতো করে বাড়িতে চলে যান।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ভূঁইয়া (বিপ্লব) মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘পুলিশের বাধার কারণে আমাদের কর্মীরা পূর্বনির্ধারিত মঞ্চে সমাবেশ করতে পারেননি। ওই সমাবেশে আমাকে অতিথি করা হয়েছিল। সমাবেশ আয়োজন করেছিল উপজেলা যুবদল।’
তবে নান্দাইল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটন বলেন, ‘উপজেলা যুবদল কর্মিসমাবেশ আয়োজন করলে সমাবেশে আমার সভাপতিত্ব করার কথা। তবে সমাবেশের ব্যানারে আমার নাম ছিল না। উপজেলা যুবদল এই সমাবেশ আয়োজন করেনি।’
নান্দাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. এনামুল কাদির দাবি করেন, আজ বিকেল চারটার দিকে পৌরসভার ঝালুয়া মহল্লায় অবস্থিত বিএনপির প্রয়াত নেতা খুররম খান চৌধুরীর ব্যক্তিগত কার্যালয়ে কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে যুবদলের কোনো কমিটি ঘোষণা করা হয়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ‘আমরা কাউকে বাধা দিইনি। শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। তা ছাড়া সমাবেশ করার জন্য কেউ পুলিশের অনুমতি নেয়নি।’