নিখোঁজের এক দিন পর মিলল তরুণীর গলাকাটা লাশ

লাশ
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিখোঁজের এক দিন পর তরুণীর গলাকাটা লাশ পাওয়া গেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামের জঙ্গল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণীর নাম চায়না আক্তার (৩০)। তিনি একই গ্রামের পশ্চিমপাড়া এলাকার মৃত ইয়াদ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চায়না তাঁর ঘরে একাই থাকতেন। গত সোমবার রাত ৯টার দিকে খাবার খেয়ে তিনি ঘরে ঘুমিয়ে যান। সাহ্‌রি খাওয়ার সময় বাড়ির লোকজন তাঁর ঘরে তালা ঝুলতে দেখেন। অনেক খোঁজ করেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। বুধবার স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে বাড়ির পাশে জঙ্গলে গিয়ে তাঁর লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তাঁর মুখ থেঁতলানো ছিল।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।